বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিবিসিসিআই)
বৃহস্পতিবার (১৯ মার্চ) পিবিসিসিআই-এর এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য নেয়ামত, যা মানুষের জীবনে আনন্দ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের রোজা পালন শেষে এই পবিত্র উৎসব আত্মশুদ্ধি, সংযম এবং ত্যাগের মহত্ত্বের শিক্ষা প্রদান করে। ঈদের শিক্ষাকে ধারণ করে ব্যবসা-বাণিজ্যসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা জোরদার করা প্রয়োজন। এতে একটি ন্যায্য, দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
পিবিসিসিআই-এর প্রেসিডেন্ট আবদুল আহাদ সালমান এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক এক যৌথ বার্তায় বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে পর্তুগাল ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে।
তারা আরও আশা প্রকাশ করেন, ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
বার্তার শেষ অংশে পিবিসিসিআই পবিত্র ঈদ সবার জীবনে অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এমন শুভেচ্ছা জানায়।