ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবানন-এ চলমান হামলা বন্ধের দাবিতে রাজধানী তেল আবিব-এর রাজপথে নেমেছেন কয়েকশ বিক্ষোভকারী।
শনিবার (৯ মে) দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি কেন্দ্র করে দেশটির রাজনীতিতে অস্থিরতা বেড়েছে।
বিক্ষোভ চলাকালে বার্তা সংস্থা রয়টার্স-এর সঙ্গে আলাপকালে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, বহিরাগত শত্রু ইরানের চেয়েও দেশের অভ্যন্তরীণ বিভাজনই এখন ইসরাইলের জন্য বড় হুমকি। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবায় অনীহাকে তিনি কঠোরভাবে সমালোচনা করেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছেন। সেখানে ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘৭ অক্টোবর ভুলে যাও’—এমন স্লোগানও দেখা গেছে। কিছু প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে ‘বিবি এসকোবার’ বলেও উল্লেখ করা হয়, যেখানে তার নামের সঙ্গে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার-এর নাম জুড়ে দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে বৈষম্য বর্তমান সরকারকে কঠিন চাপে ফেলেছে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ অসন্তোষও ক্রমেই বাড়ছে, যা আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই