২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে : ধর্মমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে : ধর্মমন্ত্রী

সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেয়া হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন এবং নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রমজানে নিত্য-পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

বিগত সময়গুলোয় হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে, আল্লাহর রহমতে আমরা অতীতের থেকে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই তা করব।