৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি সমন্বিত ও বিস্তারিত নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জানান, রিট আবেদনে দেনমোহর আদায়ের ক্ষেত্রে বিদ্যমান অস্পষ্টতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে বিয়ের তারিখের এক বছর পর দেনমোহরের মূল্যায়ন, আদায় পদ্ধতি এবং বাস্তবায়নের উপায় নির্ধারণে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

Home R3