২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্পেন প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্পেন প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ বিচারের মুখে পড়েছেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।

দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর করতে সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছে আদালত।

রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মামলার শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিল অপব্যবহারের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়েছে, তিনি নিজের প্রভাব ব্যবহার করে মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ অধ্যাপক পদ সৃষ্টি ও পরিচালনায় যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ ও যোগাযোগ ব্যবহার করেছেন।

তবে গোমেজ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

অন্যদিকে বিরোধী দলগুলো এ ঘটনায় সানচেজের পদত্যাগ দাবি করেছে।

সূত্র: এএফপি

Home R3