২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণ প্রজন্ম ৭২-এর সংবিধান চায় না : হান্নান মাসউদ

বিরোধীদলীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ আর ১৯৭২ সালের সংবিধান চায় না। তারা ভোটাধিকারসহ বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা দাবি করছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদের সর্বকনিষ্ঠ সদস্য দাবি করে হান্নান মাসউদ বলেন, তিনি জেন-জির প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলছেন। তিনি বলেন, আমরা স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া প্রজন্ম। আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হলাম, তার জবাব চাই।

তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের লক্ষ্য ছিল একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ভোটাধিকার পাবে এবং দুর্ভিক্ষমুক্ত জীবন যাপন করবে। কিন্তু বাস্তবে তা অর্জিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৩ সালে ভোট চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একইসঙ্গে বেগম খালেদা জিয়া-এর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকায় হামলার অভিযোগ তুলে হান্নান মাসউদ বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি তিনবার হামলার শিকার হয়েছেন এবং সংসদ সদস্য হওয়ার পরও এলাকায় গিয়ে হামলার মুখে পড়েছেন। তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার ভিডিও প্রমাণ থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, আবারও সেই ধরনের নির্বাচন আয়োজনের চেষ্টা করা হচ্ছে কিনা।

এছাড়া, তার এলাকায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে—এমন অভিযোগও করেন তিনি। এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।