৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেন।

বিজয়ী দলটি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের আন্তর্জাতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি আন্ডারওয়াটার রোবটটি প্রদর্শন করেন। এর নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং এর উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তার আশ্বাস দেন।

তিনি অর্থনীতিকে বহুমুখীকরণের ওপর জোর দিয়ে বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস শিল্পকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত জুনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Home R3