ঢাকা-৭ সংসদীয় আসনে দশ দলীয় জোটের ভেতরে প্রার্থী নির্বাচন নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। একই জোটভুক্ত দুই দলের দুই প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
দশ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন। তবে অভিযোগ রয়েছে, জোটের প্রধান শরিক দল জামায়াতে ইসলামী খেলাফত আন্দোলনকে কোনো আসন ছেড়ে দেয়নি। এরপরও জোটভুক্ত দল হিসেবে খেলাফত আন্দোলনের নাম ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিষয়টি আলোচনায় এসেছে।
ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাজী এনায়েত উল্লাহ। অন্যদিকে, একই আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ খেলাফত আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা বলেন, জামায়াত আমাদেরকে কোনো আসনে ছাড় দেয়নি। আমাদের সাথে তাদের সমঝোতা হয়নি। অতএব, এই যে বলা হচ্ছে “দশ দলীয় ঐক্য”; সেটা আমাদের ছাড়া হয় কীভাবে। আমাদের ছাড়া হয় নয় দল, অথচ জামায়াত প্রচার করছে ১০ দলীয় ঐক্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতা না থাকলেও একাধিক প্রার্থীর অংশগ্রহণ জোটের ঐক্য ও রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন থেকে যায়। একই সঙ্গে ভোটারদের মাঝেও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তারা মনে করছেন।