৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে আন্দোলনে নামার আহ্বান নাহিদের

১১ দলীয় ঐক্য জোটের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উমরাহ শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারের যাদের উদ্যোগে এসব অধ্যাদেশ বাস্তবায়ন হয়েছিল, তাদের সঙ্গে সরকারের আলোচনা করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ‘ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে’ এবং এখন উপদেষ্টারা নিজ নিজ কাজে সরে গেলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, অধ্যাদেশ বিষয়ে তাকে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং রাজপথে নেমে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন অধ্যাদেশ জারি করেছে। এখন দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না,—বলেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সামনে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকার যদি জনগণের পক্ষে অবস্থান না নেয়, তবে টিকে থাকা কঠিন হবে।

তিনি আরও বলেন, ওমরায় যাওয়ার আগেই তিনি বর্তমান পরিস্থিতির পূর্বাভাস পেয়েছিলেন এবং ৫ আগস্ট থেকে এ অবস্থার সূচনা হয়েছে বলে মন্তব্য করেন। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংস্কারের কথা বলেছি, বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পর তারা আর কিছুই তোয়াক্কা করছে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোট জুলাই সনদ অনুযায়ী হয়নি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ—যেমন গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ—সংসদে না এনে বাতিল করা হচ্ছে।

তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতাই অতীতে গুমের শিকার হয়েছেন, অথচ সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের কলঙ্কমুক্ত করবে না। গত ১৬ বছরে জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি বলেও মন্তব্য করেন তিনি এবং বলেন, এখন ক্ষমতায় এসে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হচ্ছে।