৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ: এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) গত মাসে প্রায় ৫১ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে, যা সংস্থাটির ইতিহাসের যেকোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী শুরু হওয়া ব্যাপক অভিবাসনবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই নতুন রেকর্ড তৈরি হলো।

আইসিই-এর প্রকাশিত তথ্যের বরাতে জানা যায়, গত মাসে সংস্থাটি প্রতিদিন গড়ে প্রায় ১,৬৪৫ জনকে গ্রেফতার করেছে। এর আগে গত জুন মাসে সর্বোচ্চ ৪৩ হাজার অভিবাসীকে গ্রেফতার করা হয়েছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো গ্রেফতারের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও দ্রুত বহিস্কারের নির্দেশ দিলে দেশজুড়ে এই অভিযান জোরদার করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এই তল্লাশি জোরালো করা হয়েছে। এর অংশ হিসেবে কেবল জর্জিয়াতেই অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১,২২৬ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া বিমানবন্দরগুলোতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৩০ জনেরও বেশি মানুষকে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও আইসিই জানিয়েছে, জুনের হিসাব পর্যন্ত চলতি অর্থবছরে মোট ৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই পদক্ষেপকে জননিরাপত্তা রক্ষা ও আইন প্রয়োগের স্বাভাবিক অংশ হিসেবে দাবি করেছে। সংস্থাটির সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানান, অবৈধ ও অপরাধী প্রবাসীদের বের করে দেওয়ার এই নীতিকে প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন করেন এবং এর মাধ্যমে দেশকে আরও নিরাপদ করা হচ্ছে।

তবে অধিকারকর্মীরা প্রশাসনের এই কঠোর পদক্ষেপের কড়া সমালোচনা করছেন। তাদের মতে, সাম্প্রতিক অভিযানে অনেক অপরাধ রেকর্ডহীন ব্যক্তি এবং বৈধ কাজের অনুমতিপত্র বা প্যারোল ডকুমেন্ট থাকা অভিবাসীদেরও আটক করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প সমর্থক কট্টরপন্থী গোষ্ঠীগুলোর দাবি, গ্রেফতারের এই সংখ্যা আরও বাড়ানো উচিত এবং কর্মক্ষেত্রগুলোতে অভিযান জোরদার করা প্রয়োজন।

সব মিলিয়ে, রেকর্ড সংখ্যক এই গ্রেফতার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তাপ সৃষ্টি করেছে।

সূত্র: দ্য ডন

Home R3