ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন—এ ধরনের প্রশ্নের জবাবে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন। তিনি আরও বলেন, ধৈর্য ধরুন, ইন্নাল্লাহা মা’আসসবিরীন—নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতির নাম প্রকাশ না করলেও শফিকুর রহমান নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার জন্য প্রধান শর্ত হচ্ছে সততা, যোগ্যতা ও নিষ্ঠা। এমন মানুষই জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়।
তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের ধৈর্য ও সংগ্রাম প্রয়োজন। দেশের মানুষ ন্যায়বিচার, শান্তি ও সুশাসন চায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতিত হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না।
জামায়াত আমির আরও বলেন, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা ইহজগতে সম্ভব নয়। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। দেশকে সঠিক পথে নিতে হলে রাষ্ট্রীয় নেতৃত্বে সৎ ও যোগ্য লোকদের দায়িত্ব দিতে হবে। দেশ পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা আমানত। এই আমানত যাদের হাতে যাবে, তাদের অবশ্যই সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের কাফরুল থানা এলাকার উত্তর ইব্রাহিমপুর, ব্যাটালিয়ন বউ বাজারসংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে মাগরিবের নামাজের পর গণসংযোগ শুরু করেন। পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নানা সামাজিক-রাজনৈতিক বিষয়ে মতামত শোনেন।