বর্তমান সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টিকিট সংগ্রহে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে মানুষ ভোগান্তিতে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ঘোষণার বাস্তবায়ন কীভাবে সম্ভব, যখন বিপুলসংখ্যক মানুষ ইতোমধ্যে ঢাকা ছেড়ে গেছে।
তিনি আরও বলেন, নির্বাচন শেষ হলেও নানা অনিয়মের অভিযোগ ছিল, যা তারা দেশের স্থিতিশীলতার স্বার্থে মেনে নিয়েছেন। তবে সরকারকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় জনগণ তা মেনে নেবে না।
বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে সেখানে বসবাস করবেন না; বরং রাষ্ট্রীয় ও কূটনৈতিক কাজে ব্যবহার করবেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি ও জনগণের ওপর জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বার্থে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিলেও, জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।