১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভারত, চীন, রাশিয়া ও ইরানে একটি বহুজাতিক নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই নেটওয়ার্কের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের মাহান এয়ার এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানিয়েছে, ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাহান এয়ারকে আর্থিক, বাণিজ্যিক ও লজিস্টিকস সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মাহান এয়ার দীর্ঘদিন ধরে আইআরজিসির কুদস ফোর্সের পরিবহন নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। বিমান সংস্থাটি অস্ত্র, সেনাসদস্য ও ড্রোন পরিবহনে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ করেছে ওয়াশিংটন। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, যারা আইআরজিসি বা মাহান এয়ারকে আর্থিক, বাণিজ্যিক বা লজিস্টিকস সহায়তা দেয়, তারা একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার কাজ অব্যাহত থাকবে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীনের সাংহাই উইংস ইন্টারন্যাশনাল লজিস্টিকস কম্পানি, সাংহাই এলিট ইন্টারন্যাশনাল ট্রাভেল কোম্পানি এবং এর ব্যবস্থাপনা পরিচালক ট্যাং শিন।

Home R3