স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়; এটি মানুষের জীবন রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি মহৎ সেবার ক্ষেত্র। তাই রোগ নিরাময়ের পাশাপাশি চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও হাসিমুখ রোগীর মানসিক শক্তি বৃদ্ধি করে। তাই চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি। তিনি চিকিৎসকদের মধ্যে মেডিকেল এথিকস আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত তৃপ্তি নিহিত। চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করতে হবে।
করোনা মহামারি, হাম পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যায় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, দুর্যোগের সময় চিকিৎসকরা দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্র আধুনিকায়নের কাজ শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে সারাদেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে জনগণকে সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব বরদাশত করা হবে না।