আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে চাঁদাবাজি কমছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (২১ মার্চ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। তিনি জানান, সরকার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি। যদিও দু-একটি দুর্ঘটনা, বিশেষ করে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, তবে সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগ থাকা সত্ত্বেও দেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা সম্ভব হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং দেশের মানুষ নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবে।