৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গভীর রাতে কারওয়ান বাজারে গাড়ির শো-রুমে আগুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গভীর রাতে একটি গাড়ির শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ‘জেবি অটো’ নামের ওই শো-রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে এবং অল্প সময়েই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।