২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, এবারের বাজেটে দুঃস্থ, অসহায় ও অস্বচ্ছল জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ গতবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে এবং বিভিন্ন ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু।

স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী স্ট্রোকে আক্রান্ত ৪০০ জন এবং প্যারালাইজড ১০০ জন রোগীকে জনপিছু ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালে দরিদ্র রোগীর সংখ্যাই বেশি। তাদের যথাযথ সেবা ও সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানোর দিকেও গুরুত্ব দিতে হবে, যাতে রোগীরা সন্তুষ্ট হয়ে হাসপাতালের সুনাম ছড়িয়ে দিতে পারে।

Home R3