১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খুতবায় কুরআনের আয়াত উদ্ধৃত করায় ফ্রান্সে বন্ধ হয়ে গেল মসজিদ

মুসলমানদের ইবাদত ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের মধ্যে ফ্রান্সের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ রাখার সরকারি আদেশ বহাল রেখেছেন দেশটির একটি আদালত। প্যারিসের কাছে অলনে-সু-বোয়ার ‘শঁতেলুপ’ মসজিদের পক্ষে দেওয়া বন্ধের আদেশের বিরুদ্ধে করা স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করেছে মঁত্রেয়িল প্রশাসনিক আদালত।

মিডল ইস্ট আই-এর বরাতে জানা গেছে, আদালতের রায় অনুযায়ী আগামী জানুয়ারি পর্যন্ত মসজিদটি বন্ধই থাকবে।

মসজিদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার আইনজীবী রফিক শেক্কাত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্রান্সে ইমামদের কি তবে খুতবায় কুরআনের আয়াত বা ইসলামের কোনো কথা বলারও আর স্বাধীনতা নেই?

শেক্কাত জানান, প্রশাসন এই বন্ধের মূল ভিত্তি হিসেবে ইমামদের দেওয়া কুরআনের সাতটি আয়াতের উদ্ধৃতি এবং রিয়াদুস সালিহীন ও চল্লিশ হাদিসের মতো বিশ্বখ্যাত গ্রন্থের রেফারেন্সকে ব্যবহার করেছে। এগুলোর মধ্যে ত্রয়োদশ শতাব্দীর খ্যাতনামা পণ্ডিত ইমাম আল-নাওয়াভির রচনাও অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও জানান, গির্জা বা অন্যান্য উপাসনালয়ে নিয়মিতভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হলেও, ফরাসি কর্তৃপক্ষ খুতবায় ‘অবিশ্বাসীদের জন্য জাহান্নাম’ কিংবা ‘কবরের শাস্তি’র বিষয় তুলে ধরা নিয়ে আপত্তি তুলেছে। ফরাসি প্রশাসনের এমন পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে তিনি জানান, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষায় তাঁরা দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত ‘স্টেট কাউন্সিল’-এ আপিল করবেন।

তবে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, সেন-সাঁ-দেনির প্রিফেক্ট জুলিয়েন শার্ল কর্তৃক মসজিদ বন্ধের এই সিদ্ধান্ত উপাসনা কিংবা মতপ্রকাশের স্বাধীনতার কোনো বেআইনি লঙ্ঘন নয়।

উল্লেখ্য, ফ্রান্সে মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় নজরদারি ও চাপ প্রয়োগের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ১৮ মাসের ব্যবধানে বিভিন্ন অস্পষ্ট ও গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ২২টি মসজিদ বন্ধ করে দেয় ফরাসি সরকার। এ ছাড়া ‘কালেক্টিভ এগেইনস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স’ ও ‘বারাকাসিটি’র মতো বেশ কয়েকটি মুসলিম সামাজিক ও দাতব্য সংগঠনকেও ইতোমধ্যে বিলুপ্ত করা হয়েছে, যা দেশটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

Home R3