ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনে গাড়ির ধাক্কার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিমানবন্দর সূত্রে জানা যায়, বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো-এর ৬ই-৬৬৬৩ ফ্লাইটের একটি বিমান বে-নম্বর ৫১-তে পার্কিং অবস্থায় ছিল। এ সময় কাছাকাছি থাকা একটি ছোট চার চাকার গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানের ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়।
এতে বিমানের ইঞ্জিন আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িটির সামনের অংশও ভেঙে যায়। তবে সে সময় বিমানে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিমান সংস্থা জানায়, কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার নির্ধারিত এই বিমানটি রক্ষণাবেক্ষণের জন্য গ্রাউন্ডে রাখা ছিল। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।