১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমান উপকূলে জাহাজে হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

ওমান উপকূলে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার হরমুজ প্রণালির কাছে ওমানের সোহার বন্দর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ‘সেত্তেবেলো’ নামের একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। হামলায় জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।

পালাউ পতাকাবাহী জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ নাবিকদের সন্ধানে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

অ্যামব্রে ধারণা করছে, এই হামলাটি ইরানি জাহাজ চলাচলকে লক্ষ্য করে পরিচালিত মার্কিন নৌ অবরোধের অংশ হতে পারে। একই ধরনের ঘটনায় হামলার আগে নাবিকদের জাহাজের অগ্রভাগে সরিয়ে নেওয়ার কৌশল ব্যবহার করা হয়, যা এই ঘটনার ক্ষেত্রেও দেখা গেছে।

এর আগে ৮ জুন ‘এমটি মারিভেক্স’ নামের আরেকটি তেলবাহী জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে নিয়ম অমান্যকারী একাধিক জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর অঞ্চলে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Home R3