সৌদি আরবের সঙ্গে তাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কথা ইরানকে স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসহাক দার বলেন, ইরানের পক্ষ থেকে যেন সৌদি ভূখণ্ডে আর কোনো হামলা না হয়, সে লক্ষ্যেই এই বার্তা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি ইরানকে আমাদের প্রতিরক্ষা চুক্তির কথা জানিয়েছি।’ আরও বলেন, ‘ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবকে নিশ্চিত করতে হবে যেন তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার না করা হয়।’
গত সেপ্টেম্বরে সৌদি আরব ও পরমাণু শক্তিধর ইরান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, দুই দেশের কোনো একটির ওপর হামলা হলে সেটি অন্য দেশের ওপর হামলা বলেও গণ্য হবে।
ইসহাক দার জানান, বর্তমানে সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি বসবাস করছেন। আর ইরানে আটকে আছেন ৩৩ হাজার পাকিস্তানি নাগরিক।