মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি সতর্ক করে বলেছেন, লেবানন বা ইরানের ওপর যেকোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এরদোগান বলেন, অঞ্চলটি ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ইসরাইলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এর জন্য কঠিন মূল্য দিতে হবে।
এরদোগান আরও বলেন, আঞ্চলিক শান্তি বিনষ্টের জন্য ইসরাইলকে দায় নিতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধান ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠতে পারে।
তিনি উল্লেখ করেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেভাবে তুরস্ক হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ সময় তিনি দাবি করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে এরদোগান অভিযোগ করেন, তিনি ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে।
এছাড়া তিনি বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরাইল লেবাননে নিরীহ ও নিরস্ত্র মানুষের প্রাণহানি ঘটিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।