দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।
প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা বিমান হামলা চালায়। এতে মোট চারজন বিদেশি নাগরিক আহত হন, যার মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয়।
তবে আহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনএনএ আরও জানায়, একই জেলার জেবশিত ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে নতুন করে এ হামলার ঘটনা সামনে এলো। এতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতির উদ্যোগও এ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে।