মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিককে পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (১৫ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না।”
তিনি জানান, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি নাগরিক জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
উল্লেখ্য, ইসরাইলের পাসপোর্টধারীদের জন্য বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ সাধারণত নিষিদ্ধ, কারণ দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয় না।
এদিকে জোহরভিত্তিক একটি স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-সংক্রান্ত অভিযোগের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড