মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও উভচর যুদ্ধ জাহাজকে আঘাত হানে, যা পরে দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়। একইসঙ্গে, ইরান দাবি করেছে যে, ইসরায়েলের মালিকানাধীন কন্টেইনারবাহী এসডিএন৭ নামের একটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুত তীব্র হয়ে উঠেছে। স্থল হামলার পাশাপাশি সমুদ্রপথেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী ও আশপাশের সমুদ্র এলাকায় সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী শিপিং ও তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সমুদ্রপথে হামলা সংঘাতকে আরও তীব্রতর করতে পারে এবং এটি বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।