১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের স্কুলে ভয়াবহ হামলা: ইতালির প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশুর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও শোক প্রকাশ করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনাকে ‘একটি গভীর মর্মান্তিক ও অগ্রহণযোগ্য ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। নিহত শিক্ষার্থীদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে। এতে বহু শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়, যা দেশজুড়ে শোকের ছায়া নেমে আনে।

বুধবার ইতালির সিনেট–এ দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, নিরপরাধ শিশু ও নারী শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে চলমান সংঘাতের প্রথম দিনেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি এলাকায়ও উত্তেজনা বেড়েছে। সেখানে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই দিনে ওই এলাকায় মোট তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর মধ্যকার চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং রুট এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে।