ইরান জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে চলমান সংঘাতে তারা পিছু হটবে না এবং ‘পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের আলী আবদুল্লাহি আলিয়াবাদি এ ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এই কর্মকর্তা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি বাহিনী ‘গর্বিত, অবিচল এবং দৃঢ়প্রতিজ্ঞ’।
তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার অবস্থান স্পষ্ট করতেই এ বার্তা দেওয়া হয়েছে।
এদিকে সংঘাতের ২৫তম দিনেও উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইরান দাবি করেছে, তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা ইরানের সরকারি ও সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ হামলায় দেশটির দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা থেকে পাঁচ দিনের বিরতি ঘোষণা করে বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে ইরান তা অস্বীকার করে জানিয়েছে, যুদ্ধ বন্ধে বর্তমানে কোনো আলোচনা চলছে না।
এদিকে সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো রাজি থাকলে আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে।