২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: যুক্তরাষ্ট্র

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, ইরানকে এ বিষয়ে সমঝোতায় আসতে হবে এবং আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলতে হবে। তিনি জানান, এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগও তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং নিজেদের উন্নয়নের পরিবর্তে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলপথে উত্তেজনা সৃষ্টির অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। এ প্রসঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে গত ৪৮ ঘণ্টায় কিছু অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কো রুবিও বর্তমানে চার দিনের ভারত সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলার মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।

সূত্র: আল-জাজিরা।