ইসরায়েলের এক রিজার্ভ সেনা সদস্য জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনীর সামাজিকমাধ্যম প্রচারণায় তাকে ‘নিহত সৈন্য’ হিসেবে দেখানো হয়েছে, যদিও তিনি বাস্তবে জীবিত ও সুস্থ আছেন।
রোববার (৮ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে এক বন্ধু তাকে “Iranian Military” নামের একটি ফেসবুক গ্রুপের স্ক্রিনশট পাঠান। সেখানে আটজন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) রিজার্ভ সদস্যের ছবি দিয়ে ‘৮ আইডিএফ সৈন্য নিহত’ লেখা একটি পোস্ট করা হয়, যার মধ্যে তার ছবিও ছিল।
প্রথমে বিষয়টি গুজব ভেবে হাস্যকর মনে হলেও পরে বিভিন্ন জায়গা থেকে বার্তা আসতে শুরু করলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা যেন ভুল তথ্য না পান, সে জন্য তিনি দ্রুত তাদের ফোন করে জানান যে তিনি জীবিত আছেন।
ওই সেনা সদস্যের দাবি, এটি ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। তার মতে, অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে ইসরায়েলের হতাহতের মিথ্যা খবর বা যুদ্ধক্ষেত্রে কল্পিত বিজয়ের গল্প প্রচার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, ইরানের সামরিক বাহিনীর একটি ফেসবুক পেজে নিম্নমানের এআই দিয়ে তৈরি কিছু ছবিও দেখা গেছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত অবস্থায় দেখানো হয়েছে।
ওই সেনা সদস্য বলেন, বাস্তবে তিনি জীবিত এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। তার মতে, গুজব বা ভুয়া তথ্য দীর্ঘদিন সত্যকে আড়াল করতে পারে না।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল