১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

ইতালির ভেনিসে একই বাসায় ভাড়ায় থাকার সুযোগ নিয়ে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিন মাস বয়সী সন্তানের জননী ওই নারী ঘটনার বিচার চেয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

ইতালির গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার নবজাতক শিশুর মা ওই নারী অভিযোগ করেন, একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তি স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি নবজাতক শিশুর উপস্থিতিতেই ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী নারী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে কারাবিনিয়ানি অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সংবেদনশীল হওয়ায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবাসিক ভবনের ভেতরে ঘটনার কারণে তদন্তে সময় লাগতে পারে। এদিকে ফরেনসিকসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।