২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উরোপে কর্মসংস্থান না পেয়ে হতাশায় প্রবাসীর আত্মহত্যা

ইতালির কাতানিয়া শহরে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহতের নাম জিন্নাত খান খোকন (৩৫)। তিনি বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত লুৎফর রহমান খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে গত বছরের সেপ্টেম্বরে ইউরোপে পাড়ি জমান তিনি। বসতভিটা বিক্রি ও ঋণ নিয়ে এই অর্থ সংগ্রহ করা হয়। প্রথমে দালালচক্রের মাধ্যমে বুলগেরিয়ায় যান এবং পরে অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেন বলে দাবি পরিবারের।

ইতালিতে পৌঁছানোর পর দীর্ঘ সময়েও কোনো স্থায়ী কাজ বা বৈধ কাগজপত্রের সুযোগ পাননি তিনি। দেশে ঋণের চাপ এবং বিদেশে বেকারত্ব—এই দুই সংকটে মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন।

নিহতের স্ত্রী সুমি বেগম জানান, পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও তা পূরণ হয়নি। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে এবং মরদেহ দেশে আনার সামর্থ্যও তাদের নেই।

এদিকে, রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে মরদেহ দেশে পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ব্যয় বহনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা জানান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ তহবিল থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।