২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আলহামদুলিল্লাহ, আমি মুসলিম’: বিদ্রূপের জবাবে ইয়ামালের দৃঢ় অবস্থান

ধর্মীয় বিদ্রূপের মুখে নিজের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরেছেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। এক প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে দেওয়া বিতর্কিত স্লোগানকে কেন্দ্র করে তিনি বলেন, “আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ।”

ঘটনাটি ঘটে ৩১ মার্চ ২০২৬ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কিছু স্প্যানিশ সমর্থকের আচরণ নিয়ে সমালোচনা তৈরি হয়। তারা মিশরের খেলোয়াড়দের উদ্দেশ্যে ধর্মীয় বিদ্রূপমূলক স্লোগান দেয়, যেখানে ‘মুসলিম’ শব্দটি অবমাননাকরভাবে ব্যবহার করা হয়।

ঘটনার পরদিন (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান ইয়ামাল। তিনি লেখেন, “আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ।” একই সঙ্গে তিনি বলেন, যদিও স্লোগানটি তাকে লক্ষ্য করে দেওয়া হয়নি, তবুও একজন মুসলিম হিসেবে এটি তার কাছে অসম্মানজনক।

ইয়ামাল আরও বলেন, খেলাধুলার মঞ্চে ধর্মীয় পরিচয়কে বিদ্রূপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী মানসিকতার পরিচয় দেয়। তিনি ফুটবলের প্রকৃত চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এটি আনন্দ ও ভালোবাসার জায়গা—ঘৃণা বা বিদ্বেষের নয়।

বিশ্লেষকদের মতে, ইয়ামালের এই অবস্থান শুধু ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়; বরং ক্রীড়াঙ্গনে ধর্মীয় বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এর আগে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ব্যস্ত ফুটবল সূচির মধ্যেও রমজানে রোজা পালন করেন এবং নিজের ধর্মীয় পরিচয় কখনো গোপন করেন না।

এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো—খেলার মাঠে প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা জরুরি। ইয়ামালের বক্তব্য সেই মূল্যবোধকেই জোরালোভাবে তুলে ধরেছে।

সূত্র: রিলিজিয়ন আনপ্ল্যাগড ডটকম

Home R3