১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আরও শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছে ইরান

ইরান ও তার মিত্রদের ‘প্রতিরোধ ফ্রন্ট’ সাম্প্রতিক হামলায় শতাধিক ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির তথ্যমতে, এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। এর মধ্যে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও রয়েছে।

তাদের দাবি, এসব হামলায় একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই ধরনের হামলা ‘পূর্ণ তীব্রতা ও শক্তি’ নিয়ে অব্যাহত থাকবে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা