যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং বিশ্বজুড়ে শান্তির বার্তা প্রচার চালিয়ে যাবেন।
সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
পোপ লিও চতুর্দশ বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না এবং তার বক্তব্য কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়। বরং তিনি বিশ্বব্যাপী শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানাতে চান।
ইরান যুদ্ধ ইস্যুতে তার মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, চার্চের মূল দায়িত্ব হচ্ছে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সেই দায়িত্ব পালনে তিনি অটল থাকবেন।
পোপ বলেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা সরাসরি পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না। নিজেকে শান্তির দূত উল্লেখ করে তিনি বলেন, তার লক্ষ্য মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপের পথে এগিয়ে নেওয়া।
সূত্র: আল-জাজিরা