সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে এআই দিয়ে তৈরি ভুয়া বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও অশালীন ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে।
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল আলামত সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। সংশ্লিষ্ট একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এমপি নাসের রহমান সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর ভিডিও, ছবি বা তথ্য শেয়ার না করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।