ভারতের আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই এসই–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
বিমানবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে জানানো হয়, দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সুখোই এসই–৩০ এমকেআই একটি দুই আসনের বহুমুখী দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। রাশিয়ার সুখোই কোম্পানি এটি তৈরি করে। পরে ভারতের হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড–এর লাইসেন্সের অধীনে ভারতীয় বিমানবাহিনীর জন্য এই বিমান তৈরি করা হয়।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৬০টির বেশি সুখোই এসই–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।
এর আগে ২০২৪ সালের জুনে ভারতের নাশিক জেলায় এবং ২০২৩ সালের জানুয়ারিতে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর সুখোই–৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।
সূত্র: এপি