২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ করতে চায় মার্কিন ব্যবসায়ীরা

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১১ জুন) দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নীতি ও কর্মসূচিবিষয়ক উপমন্ত্রী আব্দুর রহমান কানেত আফগানিস্তান-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চেম্বারের প্রধান জেফরি গ্রেইকোর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই পক্ষের সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জেফরি গ্রেইকো আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়ানোর প্রচেষ্টায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় আব্দুর রহমান কানেত প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, আফগানিস্তানের খনি আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী বিশ্বাসযোগ্য কোম্পানিগুলোর বিনিয়োগ সহজ করতে তালেবান প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।

বৈঠকে খনিজ সম্পদ উত্তোলন, খনি উন্নয়ন এবং এ খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগেও জেফরি গ্রেইকো বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। দেশটির অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় খাত হিসেবে খনি খাতকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সূত্র : কাবুল ট্রিবিউন (কেটি)

Home R3