২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে শরিয়ত বিরোধী কোনো আইন নেই: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শরিয়ত বিরোধী কোনো আইন নেই উল্লেখ করে দেশটির মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের কোনো আইন বা সিদ্ধান্ত শরিয়তের পরিপন্থী নয়। স্বামী-স্ত্রীর বিচ্ছেদসংক্রান্ত নীতিমালা নিয়ে সাম্প্রতিক সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা ইসলামী বিধান মেনে চলেন, তাদের এ নীতিমালা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দ্বীন নিয়ে সমালোচনা নতুন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি।

মুজাহিদ জানান, শরিয়ত অনুযায়ী পিতা ও দাদার নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে কন্যা বা নাতনির বিয়ে দেওয়ার অধিকার রয়েছে। তবে এতে স্নেহশীলতা, সুস্থ মানসিকতা, মাদকমুক্ত জীবন ও দায়িত্বশীলতার শর্ত রয়েছে।

তিনি আরও বলেন, এই নীতিমালা শিশুদের বিয়ে উৎসাহিত করার জন্য নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ সহজ করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, কোনো মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়ার সুযোগ নেই।

মুখপাত্রের দাবি, গত বছর জোরপূর্বক বিয়ের হাজারো মামলা সমাধান করেছে ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট বিভাগগুলো, যা তাদের দায়িত্বশীলতার প্রমাণ।

সূত্র: আরটিএ

Home R3