জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের রাজনৈতিক বাস্তবতা, নিজের অতীত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব একটি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়া প্রসঙ্গে সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবে দেখেন না। তবে নতুন রাজনৈতিক দল গঠন না করে প্রচলিত রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তিনি নিজের অবস্থানেই আছেন বলে ইঙ্গিত দেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকে তিনি এখনো দেশে ফেরেননি। ভবিষ্যতে দেশে ফিরলে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালই ছিলাম।