২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

অর্ধশতাব্দী কুরআনের খেদমতে কাটিয়ে না ফেরার দেশে মসজিদে নববীর শায়খ আবদুল্লাহ

অর্ধশতাব্দী কুরআনের খেদমতে কাটিয়ে না ফেরার দেশে মসজিদে নববীর শায়খ আবদুল্লাহ

পবিত্র নগরী মদিনায় ইন্তেকাল করেছেন প্রখ্যাত ক্বারী ও শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি। টানা প্রায় অর্ধশতাব্দী ধরে মসজিদে নববীতে কুরআনুল কারিম ও দশ কেরাত শিক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে ইলমের আলো জ্বালিয়েছেন তিনি।

তিনি সেই সময় থেকে দরস শুরু করেন, যখন মসজিদে নববীর মেঝেতে কার্পেট ছিল না; নুড়িপাথরের মেঝেতেই বসে চলত কুরআনের হালাকা। আধুনিক সম্প্রসারণ, শীতাতপ নিয়ন্ত্রণ বা উন্নত সুবিধা—কোনো কিছুই তখন ছিল না। তবু নিরবচ্ছিন্নভাবে তিনি পাঠদান চালিয়ে গেছেন, হয়ে উঠেছেন মদিনার প্রবীণতম কুরআন শিক্ষকদের একজন। তার ইন্তেকালে ইলম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, দীর্ঘ এই সময়ে তিনি একটি দরসও বাদ দেননি। কেবল বোনের ইন্তেকালের দিন জানাজা ও দাফন সম্পন্ন করে আবারও ফিরে এসেছিলেন কুরআনের দারসে। কুরআনের প্রতি তার এমন নিবেদন মদিনাজুড়ে ছিল আলোচিত ও অনুপ্রেরণার উৎস।

তার কাছে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী; তাদের অনেকেই পরবর্তীতে কুরআনের শিক্ষক ও দাঈ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার খেদমত ব্যক্তি পরিসর ছাড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

ইন্তেকাল পর শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির জানাযা মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে। দাফন করা হয়েছে জান্নাতুল বাকি কবরস্থানে।