২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করবেন, তারপরও আপস করবেন না ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থায় থাকলেও নিজের আদর্শ ও নীতির প্রতি অটল রয়েছেন। তার দুই ছেলে, সুলাইমান ইমরান ও কাসিম খান জানিয়েছেন, প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করার মতো সংকল্পে তিনি আছেন এবং আপস করবেন না।

সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মাইকেল অ্যাথারটন ইমরান খানের ছেলেদের সঙ্গে কথা বলেন। তিনি তার কলামে উল্লেখ করেছেন, ৭৩ বছর বয়সী ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গেলেও তিনি ২৮ মিনিটের ফোনালাপে এ পরিস্থিতি হাস্যোজ্জ্বলভাবে মোকাবিলা করছেন।

ছেলে কাসিম জানিয়েছেন, কর্তৃপক্ষ সেলে বিদ্যুৎ বন্ধ রাখা বা বই পড়তে না দেয়ার মতো কৌশল নিয়েছে, তবুও বাবাকে এগুলো আরও আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখছেন।

সুলাইমান বলেন, বাবা প্রকাশ্যেই বলেছেন যে, নিজের নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরে যেতেও তিনি রাজি। ছোটবেলায় চাইতাম তিনি রাজনীতি ছেড়ে ক্রিকেট বিশ্লেষক হোন, তবে এখন বুঝি বড় কোনো ঝুঁকি ছাড়া তিনি সুখী হতে পারতেন না।

ছেলেরা আরও জানিয়েছেন, নিজের কষ্টের চেয়ে ইমরান খান বেশি চিন্তিত স্ত্রী বুশরা বিবি-এর কারাবাস নিয়ে। ইমরান খান তার ছেলেদের বলেছেন, কর্তৃপক্ষ জানে আমাকে ভাঙতে পারবে না, আমি সবকিছু সামলাতে পারি। তবে যখন পরিবারের ওপর আঘাত আসে, তখন তা কঠিন হয়ে পড়ে।