ভারতের অন্ধ্রপ্রদেশ-এর মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমদিকে নিহতের সংখ্যা ৮ জন বলা হলেও পরে তা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন।
মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগার্জু এক টিভি চ্যানেলকে জানান, প্রায় ৮ জন ঘটনাস্থলেই জীবন্ত পুড়ে মারা গেছেন। এ পর্যন্ত অন্তত ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল ৬টার দিকে ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানা-এর নির্মল থেকে নেল্লোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আহত প্রায় ২০ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, যাত্রীদের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
মুখ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
সূত্র: এনডিটিভি