১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেত-এর সদর দপ্তর ও দুটি সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল তেল আবিব-এ অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং দুটি সামরিক বিমান ঘাঁটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, ড্রোন হামলাগুলো চালানো হয়েছে ‘পালমাচিম বিমান ঘাঁটি’ ও ‘ওভদা বিমান ঘাঁটি’কে লক্ষ্য করে।

এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত। অন্যদিকে ওভদা বিমান ঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।

তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল।