২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লিসবনে ইউরো এশিয়ার আয়োজনে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে লিসবন-এ প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সুনামধন্য প্রতিষ্ঠান ইউরো এশিয়া। রবিবার (০১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, আব্দুল হাকিম মিনহাজ, মোরারিয়া বিজনেস ফোরাম-এর সেক্রেটারি মাসুম আহমদ ও যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, দবির আহমদসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

রাজনৈতিক অঙ্গনের অতিথিদের মধ্যে ছিলেন পর্তুগাল বিএনপি-র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান ও সাইফুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন এবং বিএনপি নেতা আব্দুল হাসিব মেম্বার। এছাড়া সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ—ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

ইউরো এশিয়ার কর্ণধার শরীফ আহসান বলেন, প্রবাসী কমিউনিটির ঐক্য ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।