৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের চেয়ে আফগানিস্তানের অর্থনীতি ভালো: মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তান যখন গভীর আর্থিক সংকট ও ক্রমবর্ধমান দেশত্যাগের মুখে পড়েছে, তখন আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি পাকিস্তানের তুলনায় ভালো হয়ে উঠেছে।

রাওয়ালপিন্ডিতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানে ব্যবসা-বাণিজ্য কার্যত ভেঙে পড়ছে এবং স্থিতিশীলতার সন্ধানে বহু পাকিস্তানি দেশ ছেড়ে চলে যাচ্ছে। এ সময় তিনি আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদের নীতির তীব্র সমালোচনা করেন এবং এসব নীতিকে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন।

আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে প্রবেশ করছে- পাকিস্তানের এমন দাবির প্রসঙ্গে মাওলানা ফজলুর রহমান বলেন, “কর্তৃপক্ষ বলে, সন্ত্রাসীরা সেখান থেকে আসছে। যদি তারা আসেই, তাহলে তাদের থামাও। যদি তারা আসেই, তাহলে তাদের নির্মূল করো। আফগান সরকার কখনোই তোমাদের এসব পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানায়নি।”

তিনি এসব অভিযোগের পেছনের যুক্তিকেও প্রত্যাখ্যান করেন। দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আজ আফগানিস্তান থেকে একটি ডালিমও যখন পাকিস্তানে ঢুকতে পারে না, তখন সন্ত্রাসীরা কীভাবে প্রবেশ করে?”

পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়েও কঠোর সমালোচনা করেন ফজলুর রহমান। তিনি বলেন, এই নীতি বেসামরিক সরকারের দ্বারা নয়, বরং সামরিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত হয়। তাঁর ভাষায়, “একজন জেনারেল এসে বলেন, আমরা আলোচনা করব; আরেকজন এসে বলেন, আমরা যুদ্ধ করব।”

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের কর্মকর্তারা দাবি করে আসছেন যে, পাকিস্তানের ভেতরে সংঘটিত হামলাগুলোর পরিকল্পনা আফগান ভূখণ্ড থেকেই করা হয়। তবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের বক্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার দায় আফগানিস্তানের ওপর চাপানো যায় না।