৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

স্পেনের দক্ষিণাঞ্চলে গত রবিবারের ভয়াবহ ট্রেন সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও দেশটিতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন ট্রেনচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় ‘রোডালিস’ লাইনের একটি ট্রেন গেলিদা ও সান্ত সাদুরনির মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে বয়ে যাওয়া প্রবল ঝড়ের কারণেই এই বিপর্যয় ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

কাতালোনিয়ার আঞ্চলিক অগ্নিনির্বাপণ পরিদর্শক ক্লৌদি গ্যালার্দো জানান, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে স্পেনের পূর্ব ও উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আহতদের উদ্ধার করে ১১টি অ্যাম্বুল্যান্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পাঁচজন গুরুতর, ছয়জন মাঝারি এবং ২৬ জন হালকা চোট নিয়ে চিকিৎসাধীন।

উদ্ধার তৎপরতায় ৩৫ জন ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে কাজ করেছেন। ট্রেনের ভেতরে আটকে পড়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঝড় ও পাথরের সঙ্গে ধাক্কায় অন্য একটি এলাকায় আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে বার্সেলোনার পুরো কমিউটার রেল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে।

স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে, বুধবার সকালে প্রায় ৪ লাখ যাত্রী ট্রেন পরিষেবা পাবেন না। নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পুরো রোডালিস কমিউটার রেল নেটওয়ার্কে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিদর্শন শেষে রেল কর্তৃপক্ষ সরকারের সঙ্গে বৈঠক করবে।

এর মাত্র দুই দিন আগে আন্দালুসিয়ার আদমুজে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছিলেন, যা গত এক দশকের মধ্যে স্পেনের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা।