কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মত হয়ে যাবে।’
সম্প্রতি এক টক শোতে দুদুকে এসব কথা বলতে শোনা যায়। তার এই আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বিএনপি নেতা হয়েও শেখ মুজিবের পক্ষে জোরালো বক্তব্য দেন।
এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।
শামসুজ্জামান দুদু বলেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তার যে প্রসঙ্গটি, তিনি এ কথা বলছেন, আমজনতার ও কথা বলছেন। অনেক বড় কথা, কিন্তু জাতীয় রাজনীতিতে এগুলোর খুব একটা গুরুত্ব নেই।