যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একই সঙ্গে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমনকি পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অন্যদিকে ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশটির বিভিন্ন আদালত থেকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় পাওয়া গেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য এ অর্থ দাবি করা হচ্ছে।
তিনি আরও জানান, ইরানে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে বাঘাই বলেন, ওয়াশিংটনের এমন কর্মকাণ্ড তেহরান মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে।