গাজ্জায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
গাজ্জার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসিতে দায়িত্ব পালনরত একদল পুলিশ সদস্যকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। গাজ্জা সিটি থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করার সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে উত্তর গাজ্জার গাজ্জা সিটির রিমাল এলাকায় আরেকটি ড্রোন হামলায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের সূত্র। এ ছাড়া এর আগে চালানো এক হামলায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। রোববার প্রকাশিত এক বিবৃতিতে হামাস এসব হামলাকে ‘পরিকল্পিত যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হামলা ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় প্রতিবাদ জানায়।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজ্জায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরাইলের শুরু করা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।