মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটো ধাঁচের ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপে তিনি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব যখন আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে, তখন সিরিয়ার জোটে যোগ দেওয়ার আগ্রহের বিষয়টি সামনে এলো। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে হুতিদের বড় ধরনের হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। এ পরিস্থিতিতে হুতিদের হামলা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা চাইছে রিয়াদ।

গত আগস্টে ইসলামের পবিত্রতম শহর মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সামরিক হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি পাকিস্তান ও তুরস্ক। সিরিয়া এই জোটে যুক্ত হলে এর সদস্যসংখ্যা ও আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার পরিধি বাড়তে পারে।

সূত্র: আরব নিউজ

Home R3